আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশে আইপিএল ক্রিকেটের সব খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। তাদের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপএলের সব খেলার সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।

এর আগে ভারতের ক্ষমতাসীন বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দল ও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কলকাতা নাইট রাইডার্সের কাছে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানায়। তারা এর কারণ হিসাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস নির্যাতনের অভিযোগ তোলে। তাদের দাবিতে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পরে মোস্তাফিজকে বোদ দেয় কলকাতা নাইট রাইডার্স।
এর জেরে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই মধ্যে তারা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র কাছে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের খেলার ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছে।


