নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ভিন্ন চিঠি দিয়ে তাদের শোকজ করেন।
নাহিদ ইসলামকে পাঠানো শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডগুলোতে ‘ঢাকা-১১’ উল্লেখসহ ‘দেশ সংস্কারের গণভোট ‘হ্যাঁ’-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করা নিষিদ্ধ। সে অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য নাহিদ ইসলামকে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না–সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ওই আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ পরিচিতি এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে, যা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।
নোটিশে বিধি ১৮ উদ্ধৃত করে বলা হয়, ভোটের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধেও কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না–সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।


