ঢাকার রহমতগঞ্জ থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পাশাপাশি আলাদা অভিযানে ৪০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাসান (১৯) ও মো. সুমন (২৬)।
বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চকবাজার থানার রহমতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় তিনি আসামি।
অপরদিকে, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে দয়াগঞ্জ মদিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


