ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এই অভিযোগ তোলেন তারা। এ সময় প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানানো হয়। অবশ্য এই দাবির বিপরীতে কোনো বক্তব্য দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন।
এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীরা। পরে ক্যাম্পাসের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সেখানে শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করা হয়।
ছাত্রদলের মিছিলটি যখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের সামনে যায়, তখন সেখানে স্ক্রিনিং বন্ধ ছিল। এটি দেখার পর ছাত্রদলের নেতারা ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন, তবে প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন।
সেখান থেকে তারা আবারও ভোট কারচুপির অভিযোগ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করে। সেখান থেকে নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়।
সন্ধ্যায় টিএসসির সামনে বেশ উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম।
তাদের অভিযোগ, টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান। কিন্তু প্রশাসন সে অনুমতি দেয়নি।
আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনতে পেরেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। তবে আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর বিশ্বাস করব?’
বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী করতে চাচ্ছে, সেটি আমরা বুঝতে পারছি না।’


