ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রূপপুর প্রকল্পের ২ শ্রমিকের মৃত্যু

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রূপপুর প্রকল্পের ২ শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই শ্রমিক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতের ওই সড়ক দুর্ঘটনার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফিরছিল। পথে শহরের আলহাজ্ব মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত দুই যুবকের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ ঈশ্বরদীতে পৌঁছানোর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad