বাংলাদেশে সবাইকে সংযত থেকে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমসহ সবার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার এক বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে কমনওয়েলথ মহাসচিব।
তিনি বলেন, হাদির মৃত্যুর পর সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সংযম, দায়িত্বশীলতা ও বিদ্বেষ প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারও করেছে।
অন্তর্বর্তী সরকারের এই বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব। বাংলাদেশের সংকটপূর্ণ এ সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধও করেন তিনি।


