জ্বালানি তেল মজুত-চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেল মজুত-চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
Advertisement
Advertisement

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে সতর্ক থাকার কথা বলেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।

তিনি বলেন, ‘তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে তা দ্রুত প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে।’

বৈঠকে সিদ্ধান্ত হয়, জ্বালানি তেলের সংকট নিরসনে পাম্প মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, কেউ প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাসম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন। একই সঙ্গে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বৈঠক শেষে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ২ লাখ টন তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসছে।

আরও পড়ুন

‘সরবরাহের কোনো ঘাটতি নেই, তাই জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে,’ যোগ করেন তিনি।

চিফ হুইপ জানান, সীমান্ত দিয়ে তেল চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে এবং এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন, যাতে কোথাও তেলের দাম বাড়তে না পারে। তিনি বলেন, সংসদের অধিবেশনে জ্বালানিমন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে গতি আনার বিষয়েও আলোচনা হয় এবং প্রতি মাসে সংসদ সদস্যদের জন্য ব্রিফিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় কে কী বক্তব্য দেবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা বাড়ানো হয়নি, যা সরকারের পূর্ব পরিকল্পনার ফল।

তিনি বলেন, বোরো মৌসুমে কৃষকদের যাতে সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে।

তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad