ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং স্প্যানিশ রাষ্ট্রদূত জামায়াত-ই-ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুরে অনুষ্ঠিত বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন টিম লিডার ইলেক্টোরাল ও পলিটিক্যাল এক্সপার্ট মেটে বাক্কেন, লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা।
এ সময় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, ইইউ প্রতিনিধিদল জামায়াতের আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন।
তিনি আরও বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের সফরের মূল উদ্দেশ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা।
এ ছাড়া, সকালে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।


