রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দেলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন গাড়িচালক।
নিহতের স্বজন ও পথচারী মতিন জানান, ভোরে স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কামাল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার ওপর পড়ে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


