এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন ৫ হাজার ৬৭৫ জন ধর্মপ্রাণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে। এর এক দিন আগে, অর্থাৎ ১৮ এপ্রিল থেকে রাজধানী ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।
১৯ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইটে মোট ৪১৭ জন যাত্রী থাকবেন।
নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি বিকাল ৫টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিশেষ প্রয়োজনে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম থেকে এ বছর মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি ফ্লাইট সরাসরি জেদ্দার উদ্দেশ্যে এবং বাকি ৪টি ফ্লাইট মদিনায় যাবে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ হজ ফ্লাইটটি আগামী ১৯ মে ঢাকা থেকে এবং ২০ মে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, চট্টগ্রাম থেকে এবারের হজ মৌসুমে ৫ হাজার ৬৭৫ জন নারী-পুরুষ নিবন্ধন সম্পন্ন করেছেন।
তিনি জানান, গত বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী সৌদি আরব গমন করেন। এর আগে ২০২৪ সালে ছিলেন প্রায় ৮ হাজার, ২০২৩ সালে ১০ হাজারের কিছু বেশি এবং ২০২২ সালে প্রায় ১২ হাজার হজ পালন করেন।
হজযাত্রা ঘিরে ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।


