রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’
বৃহস্পতিবার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করার পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল তার ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
নেকমেত্তিন বিলাল এরদোয়ান জানান, ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। তিনি রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান।
মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। সেখানে তারা তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন।
এই প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।


