আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সব প্রস্তুতি শেষ হয়েছে। দিনটি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশে থাকবে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা।
এদিন ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের সন্ধ্যা ৭টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য এবং জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়াও বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ, সকল হলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন থাকবে।
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে সকাল সাড়ে ৬টায় মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। যেটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যাবে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার প্রো-ভাইস চ্যান্সেলর কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যরাসহ সকল অনুষদের ডিন, হল ও হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, ডাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেবেন। প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য এদিন সকাল ৬টা ১৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।


