দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের পাঠানো এক চিঠিতে তিনি তাকে অভিনন্দন জানান। চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘এমন ঐতিহাসিক জয়ে মার্কিন জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করি।’
চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিতের যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা করি।’
‘পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও দৃঢ় সিদ্ধান্ত নেবেন আশা করি।’
সবশেষে চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘দুই দেশের সম্পর্ক আগের থেকে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একত্রে দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ আমাদের আছে।’


