জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও ছয় কেজি ওজনের একটি বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকা থেকে আরও একটি সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার একটি স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার এক কর্মকর্তার কাছ থেকে ফোনে খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, জালের মধ্যে সাপটি আটকে আছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া খৈয়া গোখরা সাপটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং ওজন প্রায় ছয় কেজি।ধারণা করা হয়, সাম্প্রতিক টানা বর্ষণে প্রাকৃতিক আবাসস্থল প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপটি লোকালয়ে এসে থাকতে পারে।


