ঢাকার মোহাম্মদপুর থেকে ৬টি পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে র্যাব-২ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, এদিন সন্ধ্যা ৭টার দিকে র্যাব-২ সিপিএসসির একটি দল মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিন ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের তল্লাশি চেকপোস্ট দেখা গেছে। সেই সঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও, সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে।
অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মাঠে রয়েছে বিজিবির টহল দল।
সোমবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে। যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ রায়কে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই ঢাকাসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


