সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে জারি করা এক নোটিশে তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন, মো. সেলিম রেজা (যুগ্ম আহ্বায়ক), মো. জাহিদ হাসান (সদস্য) এবং মো. এস এম তানিম হাসান (সদস্য)।
নোটিশে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।


