শহুরে জীবনের চাপ, বৈষম্য আর মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তির ওপারে (Beyond Freedom)’। ছবিটি ছোট্ট এক কন্যাশিশু আয়শার চোখ দিয়ে দেখায় ইট-পাথরের শহরে আটকে পড়া একটি পরিবারের নীরব লড়াই ও স্বপ্নের গল্প।
গল্পে দেখা যায়, মালিকের ব্যবসা রাতারাতি হাতবদল হওয়ায় শহরের এক সম্ভ্রান্ত এলাকার বিশাল অ্যাপার্টমেন্ট ভবনের ছোট একটি গ্যারেজ রুমে আশ্রয় নিতে বাধ্য হয় এক চতুর্থ শ্রেণির কর্মচারী। স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরে আসে সে—একটাই আশা, সন্তানকে ভালো পরিবেশে বড় করবে। বিনা ভাড়ায় থাকার সুযোগ থাকলেও শহুরে জীবনের খরচ ও সামাজিক ব্যবধান পরিবারটিকে দ্রুতই চাপে ফেলে। ধনী পরিবেষ্টিত এলাকায় মানিয়ে নিতে না পেরে হাঁপিয়ে ওঠে তারা।
এই জটিল বাস্তবতার কিছুই বোঝে না ছোট্ট আয়শা। সে আকাশের দিকে তাকিয়ে মুক্তির ছবি খোঁজে—কখনও ঘুড়িতে, কখনও পাখির ডানায়। ছবি আঁকার কাগজে সে আঁকে এক নিরাপদ বাড়ির স্বপ্ন, যেখানে বাবা-মাকে নিয়ে সে সুখে থাকবে। অপরিচিত পরিবেশের ভয়ে মা তাকে বাইরে যেতে দেয় না। ছাদই হয়ে ওঠে তার একমাত্র জগৎ। সেখানেও কমিউনিটির অন্য শিশুদের সঙ্গে মিশতে পারে না আয়সা। তবে একদিন, হঠাৎ করেই সব বৈষম্য ভেঙে যায়—আর আয়সা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে।
স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে অভিনয় করেছেন মৌটুশি বিশ্বাস, জারা, রাশিক, রাফি ও আলভি। চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন আফজাল হোসেন মুন্না।
ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে মিরপুর ডিওএইচএস ও সাংবাদিক কলোনির বিভিন্ন লোকেশনে। লাইভ অ্যাকশনের সঙ্গে এআই-ভিত্তিক ভিজ্যুয়ালের মেলবন্ধন এই ছবির একটি উল্লেখযোগ্য দিক। বর্তমানে ছবিটি সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি ভিএফএক্সের কাজ চলমান।


