ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ২০০৪ সাল থেকে ২০ বছরেরও বেশি সময় বিএনপির পতাকাতলে ছিলেন জানিয়ে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছেন। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে সবার পাশে থাকার অঙ্গীকার করে।
এর আগে গত ২ জানুয়ারী যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সৈয়দ এ কে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন।
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোটক্লাবে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। সৈয়দ এ কে একরামুজ্জামানের দাবি তিনি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৭টি মামলা হয়, যেগুলো এখনো চলমান।


