চাকসু নির্বাচনের আগে ছাত্রদলে ফাটল, নেতা বহিষ্কার

চাকসু নির্বাচনের আগে ছাত্রদলে ফাটল, নেতা বহিষ্কার
চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে সাজ সাজ রব। ছবি: মোহাম্মদ জায়েদ/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে যখন ক্যাম্পাসজুড়ে উত্তাপ, ঠিক তখনই বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির অভিযোগে চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুন উর রশিদ মামুন সংগঠনের সাংগঠনিক আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে ছাত্রদলের কোনো সাংগঠনিক পর্যায়ের নেতা বা কর্মী যেন যোগাযোগ না রাখেন।

চাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের এমন সিদ্ধান্ত সংগঠনটির অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, ভোট শুরুর আগমুহূর্তে সিনিয়র নেতাকে বহিষ্কারের ঘটনা ছাত্রদলের প্রচারণা ও সাংগঠনিক অবস্থানে প্রভাব ফেলতে পারে।

ছাত্রদলের একাধিক সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির অনেক কর্মীকে চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে স্থান না দেওয়া মানতে পারেননি মামুনুর রশিদ মামুন। তাই স্বতন্ত্র কিছু প্রার্থীকে তিনি সমর্থন করেছেন। সেটাই মূলত কাল হয়ে দাঁড়ায় মামুনের জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৮ ফেব্রুয়ারি ১৯৯০ সালে। এরপর নির্বাচনের অপেক্ষায় কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ভোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad