গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে প্রিজন ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী রোডের রেলক্রসিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় গৌরী রানীকে একটি প্রিজন ভ্যান চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিজন ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালতের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।’


