বগুড়া-৭ আসনে প্রয়াত খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার দাখিল করা মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
এছাড়া বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।


