নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং গবেষণা সক্ষমতা বাড়াতে জাতীয় উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পে ৭৫ দশমিক ৪৪ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
প্রকল্পটির অর্থায়নে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৪ দশমিক শূন্য ৫ কোটি টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ৭১ দশমিক ৩৯ কোটি টাকা, যেখানে সংস্থার নিজস্ব অর্থায়ন রাখা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে, যার মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ পর্যন্ত।
প্রকল্পের মাধ্যমে নার্সিং শিক্ষার মান উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, উন্নত গবেষণার সুযোগ সৃষ্টি করে দক্ষ গবেষক ও বিশেষজ্ঞ নার্স গড়ে তোলা এবং ইনস্টিটিউটের ভৌত অবকাঠামো ও কারিগরি সক্ষমতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কাজের আওতায় আধুনিক সিমুলেশন ল্যাব ও গবেষণা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় গবেষণা সরঞ্জাম ও তথ্যপ্রযুক্তি যন্ত্রপাতি কেনা এবং শিক্ষক ও কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্পটি পর্যালোচনা শেষে একনেক অনুমোদনের সুপারিশ করে জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা খাতে নার্সিং পেশার মান বাড়বে এবং গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।


