ইউনাইটেড টোব্যাকোর ৯ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ

ইউনাইটেড টোব্যাকোর ৯ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঈশ্বরদীর ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক ও তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে এনবিআর সম্প্রতি নিবারক কার্যক্রম আরও জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের ভিত্তিতে এনবিআরের ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ঈশ্বরদীতে অবস্থিত ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজের কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা দলের পর্যবেক্ষণে দেখা যায় প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন নিলেও দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম প্রদর্শন না করে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

অভিযানের সময় ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য ৩৮ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন

এসব সিগারেটের বিপরীতে সরকারের প্রাপ্য প্রায় ২৯ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল/স্ট্যাম্প উদ্ধার করা হয়, যা ব্যবহার করা হলে অতিরিক্ত ৮ দশমিক ৫ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া সম্ভব ছিল।

প্রতিষ্ঠানটি ৩ লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বিক্রয় করছিল।

জব্দকৃত সব সিগারেট ও উপকরণ আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত দলিলাদির ভিত্তিতে শিগগির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রমের ওপর কঠোর নজরদারির জন্য নির্দেশনা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাতীয় রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, জাল ব্যান্ডরোল ব্যবহার এবং রাজস্ব ফাঁকি রোধে এনবিআর ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad