ঢাকার বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় (আলিয়া মাদ্রাসা) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত অন্তত সাত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের কারও হাতে, কারও মাথায় চোট রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাতে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছিল। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আল্লামা কাশগরী হলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ পুরো আলিয়া মাদ্রাসায় ছড়িয়ে পড়ে।
রাত ১১টার পরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


