জাতীয় সংসদে দুই নারী সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান।
একই অধিবেশনে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা অভিযোগ করেন, সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করেন এবং এ বিষয়ে তদন্ত দাবি করেন।
তিনি বলেন, ২৩ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে উদ্দেশ করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে মন্তব্য করেন।
‘জাতীয় সংসদের একজন সদস্যকে সংসদের সামনে জঙ্গি বলে সম্বোধন করায় এই সংসদের মান ক্ষুণ্ন হয়েছে,’ তিনি বলেন।
তিনি আরও বলেন, তার মাথায় পাগড়ি ও সুন্নতি পোশাকের কারণে হয়তো তাকে এভাবে সম্বোধন করা হয়েছে, যা কোনোভাবেই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না।
ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের সার্জেন্ট-অ্যাট-আর্মসকে নির্দেশ দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।
পরে ফ্লোর নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরে দেখা গেছে, এই সংসদেরই একজন সদস্য দুই নারী সংসদ সদস্যকে নিয়ে ওয়াজ মাহফিলে কদর্য ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমি এর বিচার চাইছি এবং বিষয়টি সংসদের দৃষ্টিতে আনছি।’
এ বিষয়ে স্পিকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে বিষয়টি বিবেচনা করা হবে।


