২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সই করা প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে ৩০টি চলচ্চিত্র ও শিল্পী-কলাকুশলীকে পুরস্কার ঘোষণা করা হয়।
২০২৩ এর পুরস্কারে যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ‘মরিয়ম’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন ‘সাঁতাও’র জন্য।
শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন আফরান নিশো ‘সুড়ঙ্গ’র জন্য। ‘সাঁতাও’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পাচ্ছেন মনির আহাম্মেদ (শাকিল), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে ‘ওরা সাত জন’র জন্য নাজিয়া হক অর্ষা। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে পুরস্কার পাচ্ছেন আশীষ খন্দকার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র জন্য। ‘সুড়ঙ্গ’র জন্য শহীদুজ্জামান সেলিম ‘শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে পুরস্কার পাচ্ছেন।
‘আম কাঁঠালের ছুটি’ ছবিটির জন্য মো. লিয়ন শ্রেষ্ঠ শিশু শিল্পী পুরস্কার পাচ্ছেন। আরিফ হাসান আনাইরা খান একই ছবির জন্য শিশু শিল্পী বিশেষ শাখায় পুরস্কার পাচ্ছেন।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির জন্য ইমন চৌধুরী ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ পুরস্কার পাচ্ছেন। ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়াতমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক পুরস্কার পাচ্ছেন বালাম। শ্রেষ্ঠ গায়িকা পুরস্কার পাচ্ছেন অবন্তী সিঁথি ‘সুড়ঙ্গ’ ছবির ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য।
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান হাবিব ‘লাল শাড়ি’ ছবির জন্য। শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পাচ্ছেন সোমেশ্বর অলি ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের জন্য। শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পাচ্ছেন প্রিন্স মাহমুদ ‘প্রিয়তমা’ ছবির ‘ঈশ্বর’ গানের জন্য। একই ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার পুরস্কার পাচ্ছেন প্রয়াত ফারুক হোসেন।
‘রক্তজবা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার পাচ্ছেন নিয়ামুল মুক্তা। যৌথভাবে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা ‘সুড়ঙ্গ’র জন্য।
মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু ‘ওরা সাত জন’ ছবির জন্য শ্রেষ্ঠ সম্পাদক পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ ছবির জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে শহীদুল ইসলাম এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে সুমন সরকার পুরস্কার পাচ্ছেন। ‘সাঁতাও’ ছবির জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ। ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন। ‘প্রিয়তমা’র জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান পুরস্কার পাচ্ছেন সবুজ।


