জ্যেষ্ঠ সাংবাদিকদের জন্য সরকার অবসরকালীন ভাতা চালু করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। খবর ইউএনবি’র।
শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেনকে দেখতে গিয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, প্রবীণ সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তার বিষয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার সাংবাদিকদের জন্য অবসরকালীন সুবিধা চালুর জন্য কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে সাংবাদিকরা জীবনের শেষ সময়টুকু সম্মানের সাথে অতিবাহিত করতে পারবেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তবে এর পরেও সাংবাদিকরা কোনো প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সুরক্ষা ছাড়াই কাজ করেন। এ কারণে তারা অনেক সময় অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটান।
তথ্যমন্ত্রী সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে অনেক জ্যেষ্ঠ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে এসে আর্থিক সংকটে পড়েন। সরকার এই সমস্যার সমাধানে কাজ করছে যাতে তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন।
মন্ত্রী আরও জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করছে। একইসাথে পেশাদার সাংবাদিকদের জন্য নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেনের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।


