উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। এবার তিনি আসছেন বাংলা গজলধর্মী একটি গান নিয়ে, যেখানে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির নাম ‘অনায়াসে’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই গানটির খবর জানান। তিনি বলেন, এটি একটি ভিন্নধর্মী প্রয়াস—বাংলা গজলের নতুন উপস্থাপনা, যা আগে খুব একটা শোনা যায়নি।
প্রথমে গানটি এককভাবে গাওয়ার পরিকল্পনা ছিল তার। গানটির সুর ও সংগীতায়োজন করেন বাপ্পা মজুমদার। বিষয়টি উল্লেখ করে রুনা লায়লা জানান, বাপ্পাই তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মতি দেন।
তবে গানটি শোনার পর তার ভাবনায় পরিবর্তন আসে। পরে তিনি বাপ্পা মজুমদারকে প্রস্তাব দেন, গানটি দু’জন একসঙ্গে গাওয়ার। শুরুতে কিছুটা বিস্মিত হলেও শেষ পর্যন্ত যৌথভাবেই গানটি রেকর্ড করা হয়।
‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে।
বাংলা গজলের নতুন আঙ্গিক নিয়ে তৈরি এই গান ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া রুনা লায়লার এই নতুন পরীক্ষা কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।


