রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমানের দেওয়া চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। তার সফরের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ প্রস্তুতি নিয়েছে।
সফরের সময়সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১টায় রাষ্ট্রপতি ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা হবেন। ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর ২টায় পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাত কাটাবেন।
রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত যাপন করবেন।
সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন এবং রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত কাটাবেন।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।
সবশেষ গত বছরের ৮ নভেম্বর দুই দিনের সরকারি সফরে পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, যা জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম।


