ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম স্থিতিশীল রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট ২৫টি জ্বালানি বহনকারী জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিডব্লিউইকে বর্নহোম এবং মর্নিং জেন নামে আরও দুটি জাহাজ বাংলাদেশের পথে রয়েছে। আগামী বুধবার সেগুলোর চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামীম টাইমস অব বাংলাদেশকে বলেন, পরিকল্পনা অনুযায়ীই জ্বালানি খালাসের কার্যক্রম এগিয়ে চলছে। বর্তমানে এলপিজি সেভান নামের একটি জাহাজ ওমান থেকে আমদানি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খালাসের কাজে নিয়োজিত রয়েছে।
এই মাসে খালাস হওয়া জাহাজগুলো কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান এবং ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বন্দর থেকে নানা ধরনের জ্বালানি ও শক্তি পণ্য পরিবহন করে এনেছে।
এসব পণ্যের মধ্যে ছিল এলএনজি, এলপিজি, গ্যাস অয়েল (ডিজেল), এইচএসএফও (উচ্চ সালফারযুক্ত জ্বালানি তেল), বেস অয়েল, এমইজি (মনো-ইথিলিন গ্লাইকল) এবং অপরিশোধিত তেল।
অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া নামের আরেকটি জাহাজ বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। এই জাহাজটির খালাস প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং আগত জাহাজগুলোর দক্ষ ব্যবস্থাপনায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


