বলিউডে বাংলাদেশের অভিনেতাদের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার নজির প্রায় নেই বললেই চলে। সেই শূন্যতায় নিজের নাম যুক্ত করলেন আরিফিন শুভ। সনিলিভের ওয়েব সিরিজ জ্যাজ সিটির প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হলো ঢাকার এই জনপ্রিয় চিত্রনায়কের। গেল ১৯ মার্চ সিরিজটি মুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার নতুন এই যাত্রা। ইতোমধ্যে সিরিজটি ট্রেন্ডিংয়ে ২য় স্থানে উঠে এসেছে।
১০ পর্বে নির্মিত প্রায় ১১ ঘণ্টার এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ চরিত্রকে ঘিরে, যেখানে অভিনয় করেছেন শুভ। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সিরিজে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করেছেন। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিরিজটি সনি লিভে ট্রেন্ডিং তালিকার দুই নম্বরে উঠে আসে। পাশাপাশি হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষাতেও কোনো সিরিজ মুক্তি দিল প্ল্যাটফর্মটি।
সিরিজটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ জুবলির সহ-নির্মাতা হিসেবে পরিচিতি পান।
এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের একঝাঁক পরিচিত মুখ।
জ্যাজ সিটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।


