গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একাধিক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, শুক্রবার হলেও জেলার বেশকিছু শিল্প কারখানা খোলা ছিল। ভূমিকম্পের সময় গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ড্যানি ম্যাক গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক একসঙ্গে বিভিন্ন তলা থেকে নামার চেষ্টা করে।
এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকেই সিঁড়িতে পড়ে যান এবং শতাধিক শ্রমিক পদদলিত হয়ে আহত হন।
স্থানীয় ও কারখানার অন্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক অচেতন ছিলেন বলেও জানান উদ্ধারকারীরা।


