মাগুরা-১ আসনের গণফোরাম মনোনীত প্রার্থী ও গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে মাগুরা-১ আসনের আপিল নিষ্পত্তি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই দিনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া এক লিখিত অভিযোগপত্রে গণফোরামের প্রার্থী মিজানুর রহমান মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গুরুতর অসদাচরণ, পক্ষপাতদুষ্ট ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন।
তিন পৃষ্ঠার অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে চাইলে জেলা প্রশাসক তার মনোনয়নপত্র অন্য একজনকে দিয়ে জমা নেন। অথচ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যম ও জনসম্মুখে মনোনয়নপত্র গ্রহণ করেন। জেলা প্রশাসকের এমন আচরণে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একইভাবে, ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উক্ত জেলা প্রশাসক অত্যন্ত ঠুনকো অজুহাত দেখিয়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে ১১ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল বোর্ডে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।
এ ধরনের বৈষম্যমূলক আচরণে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং আইন অমান্য করেছেন উল্লেখ করে ওই নির্বাচনী কর্মকর্তার অপসারণ দাবি করা হয়।


