গায়ে হলুদও শেষ। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বোনকে আনতে যাচ্ছিলেন হবু বর। পথেই দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।
নিহতের নাম জুলফিকার আলি জিল্লু। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
পথে তার ব্যবহৃত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আনন্দের ঘর মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


