ছোটপর্দার অভিনেতা অ্যালেন শুভ্র ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি নজর কাড়লেও সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু একটাই—ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। ধারাবাহিকটিতে খায়রুল চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন শুভ্র। সাধারণ এক যুবকের টানাপোড়েন, হাসি-কান্না আর সম্পর্কের রসায়ন—সব মিলিয়ে চরিত্রটিকে তিনি জীবন্ত করে তুলেছেন।
নাটকে অ্যালেন শুভ্রর বিপরীতে অভিনয় করছেন তাবাসসুম ছোঁয়া। তার চরিত্রের নাম নিপা। খায়রুল ও নিপার সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর ভালোবাসাকে ঘিরেই এগোচ্ছে গল্প। বর্তমানে তাদের বিয়ের আয়োজনকে কেন্দ্র করে জমে উঠেছে নাটক। বিষয়টি সামনে এনে শুভ্র মজার ছলে দর্শকদের দাওয়াত দিয়েছেন। তার ভাষায়, সবাই যেন খায়রুলের বিয়েতে হাজির থাকেন—আর কনে কে, সে খবর তিনি নাকি পরে জানাবেন!
নির্মাতা কেএম সোহাগ রানা শুরুতে নাটকটি মাত্র ছয় পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সম্প্রচার শুরুর পর দর্শকের বিপুল সাড়া মিললে পর্ব সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের শেষ দিকে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক ইতোমধ্যে ১১৭ পর্ব অতিক্রম করেছে, আর প্রতিটি পর্বই পেয়েছে দর্শকপ্রিয়তা।
এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু এবং সুষমা সরকারসহ আরও অনেকে।
অ্যালেন শুভ্রর অভিনয়জীবনের শুরু অমিতাভ রেজা পরিচালিত নাটক ‘ইচ্ছে হলো’ দিয়ে। বড়পর্দায় তার অভিষেক ঘটে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর মাধ্যমে।


