ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি ডিমবাহী পিকআপ ভ্যান সোয়াজি এলাকায় রাস্তার পাশে পড়ে যায়। পিকআপটি উদ্ধারে অভিযান চলছিল। স্থানীয়রা অভিযান দেখছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী নড়াইল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বেশ কিছু লোক আহত হয়েছেন, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


