ফ্যাসিস্ট সরকার দেড় দশক দেশে ‘হাসিনমিক্স’ অর্থনীতি চালু করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ইকোনমিক্স’র অর্থ অর্থনীতি হলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো ‘হাসিনমিক্স’। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে–এটাই ছিল সেই সময়কার নীতি। অর্থাৎ ঋণ পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ থাকার ব্যবস্থা হয়েছিল শেখ হাসিনার আমলে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন রিজভী।
গত দেড় দশকের দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আজকে খেলাপি ঋণ কত? আজ সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ’নিতে হবে।
যদিও তারা কিছু উদ্যোগ নিয়েছে। তবে এটাও ঠিক একদিকে পদক্ষেপ নেওয়া হলেও অন্যদিকে ধস নামছে। কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে, যোগ করেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আর ও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, মীর সরাফত আলী সপু, জাগপার খোন্দকার লুৎফুর রহমান, আসাদুর রহমান খান প্রমুখ।


