আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করলে সতর্ক না করে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘আজই আমরা শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। নির্বাচনের দিন কেউ যদি কোনো কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তাকে সতর্ক করার আর কোনো সুযোগ থাকবে না। শুধু ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার চট্টগ্রামে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনসার বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি বডি-অন ক্যামেরার আওতায় থাকবে। প্রতিটি কেন্দ্র জেলা ও উপজেলা পর্যায়ে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন–আমাকে তো কেউ দেখছে না, তাহলে তিনি ভুল করছেন। তিনি অন্ধকারে আছেন। অনুগ্রহ করে অন্ধকার থেকে বের হয়ে আসুন।’
এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারীদের নিজ নিজ সন্তানের মুখের দিকে তাকিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে ডিসি জানান, তারা এমন একটি বাংলাদেশ নির্মাণে অংশ নিচ্ছেন, যেখানে তাদের সন্তান বড় হবে। এবারের লক্ষ্য ভোটাররা নিরাপদে ভোট দিয়ে হাসিমুখে ঘরে ফেরানোর।
নির্বাচন কোনো ব্যক্তিগত ক্ষমতার পালাবদল নয় উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘এটি এমন এক আয়োজন, যেখানে নির্ধারিত হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই দায়িত্ব পালনে কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’
প্রশাসনের সব পদক্ষেপ সরকারের তত্ত্বাবধানে মনিটরিংয়ের আওতায় রয়েছে মনে করিয়ে জাহিদুল ইসলাম জানান, কোনো ধরনের চালাকি বা অসততার সুযোগ নেই। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো বিকল্প নেই।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের গায়ে যে কালিমা লেগেছে, সেই কালিমা মুছে ফেলার সময় এসেছে–এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কারও ব্যক্তিগত গোলাম হবো না; আমরা রাষ্ট্রের গোলাম হবো। বিবেক বিক্রি করবেন না, মেরুদণ্ড ভাঙবেন না। দায়িত্ব ও ক্ষমতা বুঝে তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে।’
সভায় আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার এবং কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমেদ।


