কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
পুশ ইনে ব্যর্থ হয়ে ভারতে ফিরে যেতে বাধ্য হন ভারতীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও আটজনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে ওই ব্যক্তিদের পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুই পুরুষ, চার নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তে কঠোর অবস্থান নেয়। এতে বিএসএফের সহায়তায় আসা ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে নদীপথ ব্যবহার করেই আবার ভারতে ফিরে যায়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।’

এর আগে চলতি বছরে দৌলতপুর সীমান্ত দিয়ে একাধিকবার পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। গত ১২ জুন নারী ও শিশুসহ ১২ জন এবং একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সবশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে আরও একজনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রেই বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা ব্যর্থ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad