ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও নির্বাচন অফিস জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেন।
সরঞ্জাম বুঝে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যে সব কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার আটটি আসনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আটটি আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।’
‘পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’


