বরিশালের গৌরনদীতে নিখোঁজ তরুণ রেজাউল হাওলাদারের (২০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয় ফারুক মৃধার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেজাউল উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে রেজাউলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। ওইদিন রাতে মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হন রেজাউল। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। সকাল সাড়ে ৭টার দিকে ফারুকের পুকুরে রেজাউলের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


