ঈদের আগে দেশের বাজারে সোনার দাম কমেছে। এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করেছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে, গত ২১ মে সকালে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩২ দফা। সব মিলিয়ে সোনার দাম মোট ৬৮ বার সমন্বয় করেছে বাজুস।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার দাম বাড়িয়ে এবং ১৮ বার দাম কমিয়ে মোট ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।


