নেত্রকোনা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা,জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত মাহফুল মিয়া উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে পুলিশ জানায়, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।


