দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর ঢাকা মহানগরীর উত্তরের ছয়টি সংসদীয় আসনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, শুধু নির্বাচন করলেই হবে না, ধানের শীষের প্রতিটি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তার মতে, এই নির্বাচন হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বিএনপি বিজয়ী হলেই দেশের উন্নয়ন সম্ভব। কারণ, দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে।
তিনি বলেন, সরকার গঠন করলে কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ সময় তিনি পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের জিজ্ঞেস করলে সমস্বরে তারা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকার জলাবদ্ধতা ও হাসপাতাল সংকট সমাধানের পাশাপাশি রাজধানীকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকাকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলা, অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি এবং সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর ইসিবি চত্বরে প্রথম পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এমন একটি সুন্দর শহর গড়ে তোলা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। শুধু এই এলাকা নয়, বিএনপি সরকার গঠন করলে সমগ্র বাংলাদেশেই উন্নয়ন কার্যক্রম শুরু হবে।
ঢাকার সড়ক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সন্তানরা যেন খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মা-বোনেরা নিরাপদে হাঁটাচলা করতে পারেন, সে লক্ষ্যেই সড়ক প্রশস্ত করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন পর্যন্ত বিদ্যমান সড়ক প্রশস্ত করার কথাও জানান তিনি।
মিরপুর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষিকার্ড প্রবর্তন এবং কৃষিঋণ মওকুফ করা হবে। বিদেশে চাকরির জন্য যেতে ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জলাবদ্ধতা দূরীকরণে ঢাকাসহ সারা দেশে খাল খনন কর্মসূচি চালুর ঘোষণা দেন।
এই পথসভায় তিনি ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এই আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে দলের প্রার্থী আমিনুল হকের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের আগেও যেমন তিনি পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। দুপুর থেকে রাত পর্যন্ত তিনি ঢাকা-১৪, ঢাকা-১৩ ও ঢাকা-১১ আসনের বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
পথসভাগুলোতে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতিই বিএনপি দেবে।


