সাময়িক বন্ধ থাকার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল ফের খুলে দেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ায় মঙ্গলবার অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার পর দুপুর দেড়টার দিকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এরপর ধীরে ধীরে বিভিন্ন রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়।
কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সত্ত্বেও দেশের বিভিন্ন এলাকায় বিরূপ আবহাওয়া, ঝোড়ো হাওয়া ও দমকা বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সদরঘাটে বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুম থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রা করতে সকাল থেকেই সদরঘাটে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেক যাত্রী টার্মিনালে এসে লঞ্চ চলাচল বন্ধের খবর জানতে পেরে বিপাকে পড়েন। কেউ অপেক্ষা করছেন, আবার কেউ বিকল্প পরিবহনের খোঁজ করছেন।
সদরঘাটে অপেক্ষমাণ একাধিক যাত্রী জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তারা আগে থেকেই যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আকস্মিকভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে।
বৈরী আবহাওয়ায় সদরঘাটের পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটেও সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া কিছুটা উন্নতি হলে ওই রুটগুলোতে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নদীবন্দর ও টার্মিনালগুলোতে বিশেষ নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীসেবামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করেই পরবর্তী সময়ে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।


