আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবকে সামনে রেখে আয়োজকরা ঘোষণা করেছেন নারী নির্মাতা বিভাগে দায়িত্ব পাওয়া পাঁচ আন্তর্জাতিক বিচারকের নাম।
এ বছরের প্যানেলে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, যিনি অন্য চার দেশের সৃজনশীল ব্যক্তিত্বদের সঙ্গে এই বিভাগে চলচ্চিত্র মূল্যায়ন করবেন।
নারী নির্মাতা বিভাগটি ডিআইএফএফ-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শুধুমাত্র নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
এই বিভাগে সেরা ডকুমেন্টারি, সেরা ফিকশন ও সেরা পরিচালক নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি-বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে। নির্বাচিতদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর আফসানা মিমি ছাড়াও নারী নির্মাতা বিভাগের অন্য বিচারকরা হলেন আলেকজান্দ্রা মার্কোভিচ (যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় ডকুমেন্টারি নির্মাতা ও শিক্ষাবিদ), রোনাক তাহের (ইরানি-অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট), জেরাল্ডিন ভিলামিল (ফিলিপাইনের খ্যাতনামা চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী) এবং ম্যারিয়ন স্ট্যান্ডেফার (প্যারিসভিত্তিক মার্কিন শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা)।
আয়োজকদের মতে, এ বছরের প্যানেলটি বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি ও অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়, যা নারী নির্মাতাদের কাজ মূল্যায়নে বৈচিত্র্য ও অন্তর্দৃষ্টি যোগ করবে।
এ ছাড়া এবারও অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘টুয়েলভথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা ২০২৬’, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি।
১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষকরা অংশ নেবেন।
চলতি বছর উৎসবে সর্বাধিক সংখ্যক দেশ থেকে রেকর্ড পরিমাণ চলচ্চিত্র জমা পড়েছে বলেও জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান। যাকে তিনি ডিআইএফএফ-এর ইতিহাসে নতুন মাইলফলক বলছে।
তবে আয়োজকরা জানান, নানা চ্যালেঞ্জও রয়ে গেছে আসন্ন উৎসবকে ঘিরে। বিশেষ করে পৃষ্ঠপোষকতার স্বল্পতার কারণে উৎসবকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে প্রয়োজন সহযোগিতা।


