এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ইডিসিএলের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে সামাদ মৃধার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অভিযোগটি তদন্তের জন্য দুদকের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দলও গঠন করা হয়েছে।
দুদক আরও জানিয়েছে, অনুসন্ধান চলাকালে ওপেন সোর্স ও গোপন সূত্রে তারা তথ্য পেয়েছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশ ছেড়ে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত কিংবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামাদ মৃধার বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানিয়েছে দুদক।
আদালত দুদকের আবেদন মঞ্জুর করে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।


