পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেন, শবে বরাত শাবান মাসের একটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত, যা রমজানের আগমনী বার্তা বহন করে। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই পবিত্র রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।
তারেক রহমান বলেন, শবে বরাত নাজাত ও মুক্তির রাত, যেখানে বিশ্বাসীরা সকল অনাচার ও অপকর্ম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তিনি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলামের বাণী
এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শবে বরাত মুসলমানদের জন্য ক্ষমা ও মুক্তির এক মহান রজনী। এই রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং বিদ্বেষ পোষণকারীদের বাদে সবাইকে ক্ষমা করে দেন।
তিনি বলেন, শবে বরাতের রাতে রিজিকপ্রার্থীরা রিজিক লাভ করেন এবং বিপদগ্রস্তরা মুক্তির পথ খুঁজে পান। এই রাত মুসলমানদের ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়।
তিনি বলেন, এই পবিত্র রজনীতে মুমিনরা নিষ্কলুষ ও সরল পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, শবে বরাত সৌভাগ্য ও বরকতের রাত, যা মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বারিধারা বয়ে আনে। তিনি আল্লাহর নির্দেশিত পথে মানবজাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেন।


