ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের মোট ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএসবির দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। তিনি জানান, মোট ভোটকেন্দ্রের ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১২২টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং মাত্র ১৮টি কেন্দ্র ‘সাধারণ’ হিসেবে বিবেচিত হয়েছে।
ডিএসবি সূত্র জানায়, পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, নির্বাচনী অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের ভোটকেন্দ্র এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক বাস্তবতার আলোকে এই ঝুঁকি নির্ধারণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা কেন্দ্রগুলোকে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ জানান, ভৌগোলিক অবস্থান ও প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন, সেগুলো বিবেচনায় নিয়ে কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
একই সঙ্গে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম চালানো হচ্ছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, খাগড়াছড়িতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


