চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বেলা ১২টার দিকে লাল-সবুজ বাসে সমাবেশস্থলে পৌঁছান তিনি। উচ্ছ্বসিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
তারেক রহমানের পাশে মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতাকর্মীরা। এ ছাড়া উপস্থিত আছেন চট্টগ্রামের বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরাও।

তারেক রহমানের জনসভায় অংশ নিতে এরইমধ্যে হাজারও মানুষের ঢল নেমেছে পলোগ্রাউন্ড মাঠে। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সভাস্থল। ব্যানার-ফেস্টুনসহ নানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মাতিয়ে রেখেছেন দলের নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজী, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।
এর আগে সকালে রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান’ শিরোনামে ইয়ুথ টকে অংশ নেন তারেক রহমান। সংলাপে তিনি শিক্ষা,কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করেন। তিনি তরুণদের পরামর্শ শোনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


